ভুঞাপুর বার্তা: ঘাটাইলে অস্ত্র ও গুলি উদ্ধার

Monday, February 24, 2014

ঘাটাইলে অস্ত্র ও গুলি উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের ঘাটাইল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গারোবাজার এলাকার রাস্তার পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে গারোবাজার গ্রামের কৃষক জয়নাল আবেদিন গারোবাজারস্থ ঢাকা বাসস্ট্যান্ডের কাছে তার একটি ধানক্ষেতে কাজ করতে গিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো চটের ব্যাগটি দেখতে পান। কৌতূহলবশত ব্যাগটি খুললে পিস্তলগুলো তার নজরে আসে। সাথে সাথে তিনি ঘটনাটি বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় কয়েকজনকে জানান। খবর পেয়ে পুলিশ এসে অস্ত্রগুলো উদ্ধার করে।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে পলাতক জেএমবি জঙ্গি ও তাদের সহযোগীদের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাগ থেকে ছয়টি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ৪১ রাউন্ড গুলি ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে।

এর আগে গত রবিবার সকালে ময়মনসিংয়ের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবির রাকিবুল হাসান ও সালাউদ্দিন সালেহীন ওরফে সানি এবং জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান ছিনতাই করে। ঐদিন বিকালেই টাঙ্গাইল থেকে রাকিবুল হাসানকে আটক করে পুলিশ। পরদিন সোমবার সকালে 'বন্দুকযুদ্ধে' রাকিবুল নিহত হন।

No comments:

Post a Comment