বিশেষ প্রতিনিধি:: আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বর্তমান এমপিসহ আওয়ামী লীগের প্রার্থী তাদের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন এমপি খন্দকার আসাদুজ্জামান, তার ছেলে সোনালী ব্যাংকের সাবেক পরিচালক খন্দকার মশিউজ্জামান রোমেল, ভাতিজা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি তথ্য প্রযুক্তিবিদ
ড. নুরন নবী, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসমত আলী, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, মির্জা হারুন-অর-রশিদ বীর প্রতিক, এ্যাডভোকেট সাইফুল ইসলাম, একমি গ্র“পের সাবেক পরিচালক রফিকুল ইসলাম মঞ্জু ও এমরান হক। তবে এদের মধ্যে মনোনয়ন দৌড়ে বর্তমান এমপির ছেলে মশিউজ্জামান রোমেল, ভাতিজা আশরাফুজ্জামান স্মৃতি, ড. নুরন নবী এগিয়ে রয়েছেন বলে আওয়ামী লীগের দলীয় একটি সূত্র জানিয়েছেন। বাকিদের দলের ভিতরে ও বাইরে তেমন কোন অবস্থান নেই। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা রঙ্গিন পোষ্টার ও ব্যানারে তাদের প্রার্থীতা জানান দিলেও তৃণমূলে বিগত বছরগুলোতে জনগনের কাছে তারা ছিলেন অচেনা মুখ। মনোনয়ন দৌড়ে যে ৩জন প্রার্থী এগিয়ে রয়েছেন তাদের মধ্যে ড. নুরন নবী একেবারেই নতুন মুখ। ১৯৭৫ সালের পরে ভূঞাপুর ও গোপালপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নুরন নবীর যোগাযোগ ছিল বিচ্ছন্ন। গত রবিবার প্রথম বারের মত সরকারি ইবরাহীম খা কলেজ মাঠে কিছুক্ষনের জন্য জনসম্মুখে আসেন তিনি। এর আগে এমন পরিবেশে তাকে কখনও দেখা যায়নি। আরেক মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল এমপির পুত্র হওয়ায় এআসনের লোকজনদের কাছে পরিচিত মুখ। বর্তমান এমপির নানা কর্মকান্ডের বিষয়াদি তার উপর বর্তিয়েছে। যে কারনে দলীয় নেতাকর্মীরাও তার প্রতি বিমুখ। মাঝে মাঝে তিনি এলাকায় এসে গণসংযোগ করে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করেছেন। অপরদিকে এমপির ভাতিজা আশরাফউজ্জামান স্মৃতি সরকারের শেষ সময়ে এসে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের মাধ্যমে নিজের প্রার্থীতা জানান দেন। এর আগে তৃণমূলে তার যোগাযোগ ছিল না। তার গ্রামের বাড়ি গোপালপুরে হলেও জেলা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় টাঙ্গাইল সদরেই অবস্থান করতে হয়েছে তাকে। এদিকে দলীয় মনোনয়ন ক্রয় করে সকলেই এ আসনে আওয়ামী লীগের টিকিট পেতে দৌড়-ঝাপ শুরু করেছেন। তবে কে পাচ্ছেন আওয়ামী লীগের টিকিট এজন্য অপেক্ষা করতে আরো অনেকটা সময়।
No comments:
Post a Comment