বিজিবি মোতায়েন
স্টাফ রিপোর্টার: হামলা, দোকান-পাট ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ, গুলি ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে গোপালপুরে ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় অন্যান্য নেতাদের মুক্তি এবং নির্বাচন তফসিল স্থগিতের দাবীতে গোপালপুরের ১৮দলীয় জোট এ হরতালের ডাক দেয়। রাস্তার উপর টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়েই ভোর থেকে ১৮ দলের নেতা-কর্মীরা পৌর এলাকার সুতী কালী বাড়িতে অবস্থান নেয়। পরে তারা মিছিল সহকারে সুতী পলাশ এলাকার ৮-১০টি দোকান ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৪টি বাড়ি ভাংচুর করে। এসময় খোকন ও সবুজ নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়। পিকেটিংয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পিকেটারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। পিকেটারদের ছত্রভঙ্গ করতে অবস্থা বেগতিক দেখে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার পর থেকে গোপালপুর পৌর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়। তারা বিভিন্ন সড়কে টহল দিচ্ছে। পুলিশ ১৮ দলের নেতা-কর্মীদের গ্রেফতারে বাড়ি তল্লাশী চালাচ্ছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। গোপালপুর থানার এসআই দুলাল হোসেন গ্রেফতারের অজুহাতে ১৮ দলের নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর করছে বলে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু ইশা মুনিম ও পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলু অভিযোগ করেন।
এব্যাপারে গোপালপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ি ১৮ দলের নেতা-কর্মীরা সুতী পলাশ ও কালী বাড়ি এলাকায় দোকান-পাট ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৪০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
No comments:
Post a Comment