ভুঞাপুর বার্তা: ভূঞাপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

Tuesday, November 12, 2013

ভূঞাপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

সোহেল তালুকদার:৮৪ঘন্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের সারপলশিয়া নামক এলাকায় পুলিশ ও শিবিরের মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে জামায়াত-শিবিরের লোকজন ভূঞাপুর উপজেলার সারপলশিয়াতে অবস্থান নেয়। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা ও ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। জামায়াত-শিবিরের লোকজন পুনরায় একই স্থানে মিলিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয় রাউন্ড রাবার বুলেট ও তিনটি টিয়ারশেল নিক্ষেপ করে। উভয় গ্রুপের মধ্যে আধঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। সংঘর্ষে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সরোয়ার হোসেন, এএসআই তাপস চন্দ্র দাস, ভুঞাপুর থানার কনেস্টেবল জিহানুর ইসলাম, জামায়াত-শিবিরের জয়নাল আবেদিন, সুরুজ্জামান, করিম মিয়া, নাজমুল হোসেন, মামুন মিয়া, সেলিম মিয়াসহ ১৫জন আহত হয়েছেন। যেকোন পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী মিয়া বলেন, জামায়াত-শিবিরের লোকজন রাস্তা অবরোধ করে রেখেছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে তারা পুলিশের উপর চড়াও হয়। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের অপ্রীতির ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

Post a Comment